বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিষেধাজ্ঞা থেকে ভারত, চীন, ইরাক ও কাতারকে অব্যাহতি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে তেহরানের এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
ইরানি গণমাধ্যম ইরানওয়্যারের প্রতিবেদন অনুযায়ী, ৩ নভেম্বর দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির উপপ্রধান আমির হায়াত-মোকাদ্দাম এ তথ্য জানান। তার ভাষ্যমতে, হরমুজ দিয়ে চলাচলে চার দেশের জাহাজ বিশেষ সুবিধা পাবে।
মূলত ইরানের এমন সিদ্ধান্তের পেছনে আছে ইরানের নিজস্ব অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ। ভারতীয় জাহাজ চলাচলে ছাড় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেশটি থেকে ওষুধ আমদানি সহজ করা। অন্যদিকে, চীনের জাহাজকে সুবিধা দেওয়ার মাধ্যমে বেইজিংয়ের রাজনৈতিক সমর্থন নিশ্চিত করতে চায় তেহরান। তবে এসব দেশের জন্য হরমুজে ছাড়ের শর্তে রয়েছে পার্থক্য।
আমির হায়াত-মোকাদ্দামের দাবি, ভারতীয় ও চীনা জাহাজকে যাতায়াত মাশুল দিতে হবে। কিন্তু কাতারের জাহাজ চলবে বিনা মাশুলে।
এছাড়া ইরাকি জাহাজের ক্ষেত্রে এই মাশুল নেওয়া হবে কিনা, তা স্পষ্ট করা হয়নি।
বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এ পথে চলাচলের বিধিনিষেধ আন্তর্জাতিক জ্বালানি বাজার, নৌপরিবহন ব্যয় ও সরবরাহ ব্যবস্থায় সরাসরি প্রভাব ফেলতে পারে। ইরানের এই সিদ্ধান্ত তাই শুধু কূটনৈতিক নয়, বৈশ্বিক বাণিজ্যের জন্যও গুরুত্বপূর্ণ।