জাকারবার্গের ২০০ বিলিয়ন সম্পদের সিংহভাগ পাবেন না তার ৩ মেয়ে

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মার্ক জাকারবার্গের তিন মেয়ে বাবার ২০০ বিলিয়ন ডলার সম্পদের বড় অংশই উত্তরাধিকার হিসেবে পাবে না। কারণ জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান নিজেদের বিপুল সম্পদের ৯৯ শতাংশই দাতব্য কাজে ব্যয় করার অঙ্গীকার করেছেন।

বর্তমানে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলারের বেশি। ২০১৫ সালের ডিসেম্বরে প্রথম সন্তান ম্যাক্সিমার জন্মের পরই সম্পদের বড় অংশ দান করার ঘোষণা দেন এই দম্পতি। তখন তাদের ফেসবুকের শেয়ারের মূল্য ছিল প্রায় ৪৫ বিলিয়ন ডলার।

এ উদ্দেশ্যে তারা গড়ে তোলেন চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ (সিজেডআই)। জীবদ্দশায় ফেসবুকের (বর্তমানে মেটা) ৯৯ শতাংশ শেয়ার দান করার প্রতিশ্রুতি দেন তারা। শিক্ষা, চিকিৎসা গবেষণা, বৈজ্ঞানিক উদ্ভাবন ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে এই উদ্যোগ। সম্প্রতি এর মূল অর্থায়নের বড় অংশ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চিকিৎসা ও জীববিজ্ঞান গবেষণায় কেন্দ্রীভূত হয়েছে।

তবে সম্পদের ৯৯ শতাংশ দানের অঙ্গীকার থাকলেও জাকারবার্গের হাতে এখনও মেটার প্রায় ১৩ শতাংশ শেয়ার রয়েছে। এর মাধ্যমে কোম্পানির ওপর সংখ্যাগরিষ্ঠ ভোটাধিকার নিয়ন্ত্রণ বজায় রেখেছেন তিনি।

উল্লেখ্য, বিল গেটস, ওয়ারেন বাফেট ও মাইকেল ব্লুমবার্গের মতো ধনকুবেররাও তাদের সম্পদের বড় অংশ উত্তরাধিকার হিসেবে সন্তানদের না দিয়ে দাতব্য কাজে ব্যয়ের পরিকল্পনা করেছেন।