বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। পাঁচ বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কাইজার ইং পদত্যাগ করছেন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন জাস্টিন ইয়েক। এমন এক সময়ে এই পরিবর্তন এলো, যখন ইতিহাসের অন্যতম বড় সাইবার হামলার ধাক্কা সামলাচ্ছে প্রতিষ্ঠানটি।
বাইন্যান্স সহ-প্রধান নির্বাহী ই হে জানান, নতুন উদ্যোগে যুক্ত হতে প্রতিষ্ঠান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কাইজার ইং। গত ছয় মাস ধরেই দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি চলছিল। ২০২২ সালের জানুয়ারি থেকে প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। এর আগে প্রতিদ্বন্দ্বী ক্রিপ্টো এক্সচেঞ্জ ক্রাকেনেও কাজ করেছেন ইং।
নতুন সিএফও জাস্টিন ইয়েক দীর্ঘদিন ধরে অর্থ ব্যবস্থাপনা খাতে কাজ করছেন। সর্বশেষ তিনি আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ারওয়ালেক্সের ভাইস প্রেসিডেন্ট অব ফাইন্যান্স হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তবে এই নেতৃত্ব পরিবর্তনের সময়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, গত ২৯ অক্টোবর বাইন্যান্সের ডিজিটাল ওয়ালেটে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটে। এতে প্রায় ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, কর্মীদের কম্পিউটারে ম্যালওয়্যার প্রবেশ এবং ভুয়া নিয়োগের প্রলোভন দেখিয়ে প্রকৌশলীদের লক্ষ্যবস্তু করার মাধ্যমে কয়েক মাস আগেই হামলার প্রস্তুতি শুরু হয়েছিল।
বাইন্যান্স জানান, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই হামলার জন্য উত্তর কোরিয়ার একটি হ্যাকার গোষ্ঠীকে দায়ী করেছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে পিয়ংইয়ং।
সব মিলিয়ে সাইবার নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যেই নতুন অর্থপ্রধানের হাতে দায়িত্ব তুলে দিচ্ছে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জটি।