টিকিট বিক্রি থেকে আয় পৌনে সাতশ কোটি টাকা। অথচ সেটিকে দায় হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে আর্থিক প্রতিবেদনে। শুধু তাই নয়, সেই অর্থের কমিশন বাবদ আবার ৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে। এসব অসামঞ্জস্যপূর্ণ হিসাব খুঁজে পাওয়া গেছে, মেট্রোরেলের কার্যক্রমের ওপরে করা নিরীক্ষায়। শুধু তাই নয়, ঢাকার বুকে মেট্রোরেলের এই ছুটে চলা- সহজ করেছে নগরবাসীর যাতায়াত। ৩৩ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প যুক্ত করেছে ঢাকার উত্তরার সাথে মতিঝিলকে। যাতে দৈনিক চলাচল করছেন গড়ে ৪ লাখ পর্যন্ত মানুষ। কিন্তু এতো যাত্রী চাপের পরও, আয়ের বদলে দায়ে পরিণত হচ্ছে এই মেগা প্রকল্প।
ঢাকা মাস র্যাপিডের ওপর চালানো নিরীক্ষায় বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৭ কোটির বেশি যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল-৬। যেখান থেকে টিকিট বিক্রি বাবদ আয় হয়েছে ৬শ ৭৪ কোটি টাকা। কিন্তু সেটিকে আয় না দেখিয়ে দায় হিসেবে দেখিয়েছে ডিএমটিসিএল। শুধু তাই নয়, আয় হিসেবে না দেখানো হলেও, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে ৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে কমিশন বাবদ। এখানেই শেষ নয়, ওই অর্থবছরে কোম্পানির অধীনে ৫টি চলমান প্রকল্প থাকলেও, তার কোনো আর্থিক বিবরণী খুঁজে পাননি নিরীক্ষকরা। লিপিবদ্ধ হয়নি বিদেশি ঋণের দায়ও। এই বিশ্লেষক মনে করেন, কারিগরি এই প্রতিষ্ঠানে উপযুক্ত নেতৃত্ব না থাকায়, তৈরি হচ্ছে এমন জটিলতা।
পরিবহন বিশেষজ্ঞ ড. শামসুল হক জানান, আমরা যে টিকেট থেকে ইনকাম করি এটা দায় নাকি দেনা! এটা যে দেখানোর মধ্যে অসংগতিপূর্ণ । বড় প্রতিষ্ঠান হিসেবে আমি বলব এটি সরকারের দেখা উচিত এবং পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি তাদের কাছে স্বচ্ছতার জন্য জবাবদিহি করা উচিত । এখানে কিছু আমলা এসেই টেকনিক্যাল যে জিনিসটা করছে সেটা পৃথিবীতে গিনেস বুক অফ রেকর্ড হবে । তারা জাপানির মত প্রতিষ্ঠান থেকে শক্তপক্ত, ভালো মানের অবকাঠামো তৈরি করতে পারেনি।
নিরীক্ষায় বলা হয়, মেট্রোরেল-৬ এর জাইকা ও বিদেশি ঋণের বিপুল টাকার সুদ ও মূল ঋণ গোপন রাখা হয়েছে। তুলে ধরা হয়েছে শুধুমাত্র সরকারের ১৫৩.৭৫ কোটি টাকার ঋণ। এমনকি, অন্তর্ভূক্ত করা হয়নি, বিদ্যুৎ বিল, লাইসেন্স ফি, ইউটিলিটি চার্জ ও পরিচালনগত ব্যয়ের মতো গুরুত্বপূর্ণ খরচ।
এখানেই শেষ নয়, কোম্পানির ৫শ কোটি টাকা পরিশোধিত মূলধনের বিপরীতে শেয়ারহোল্ডাররা পরিশোধ করেছেন মাত্র ৪০ কোটি। ফলে ঘাটতি রয়ে গেছে ৪৬০ কোটি টাকা। যা নিয়ে প্রশ্নবিদ্ধ মন্তব্য করে নিরীক্ষক দল। ওই অর্থবছরে ১১ লাখ টাকার দুটি এফডিআর দেখানো হয়েছে কোম্পানির নামে। কিন্তু বাস্তবে তার কোনো প্রমাণ পাননি নিরীক্ষকরা।