স্ত্রীকে ৮১ বিলিয়ন ডলার দিতে হতে পারে এনভিডিয়া প্রধানকে

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী প্রযুক্তি উদ্যোক্তা জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত জীবন ঘিরে এবার আলোচনায় এসেছে বিপুল সম্পদ ভাগাভাগির সম্ভাবনা। এনভিডিয়ার প্রধান নির্বাহীর বিবাহবিচ্ছেদ হলে স্ত্রী লরি হুয়াং পেতে পারেন আনুমানিক ৮১ দশমিক ১ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ লাখ কোটি টাকারও বেশি।

ফোর্বসের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ৮ নভেম্বর জেনসেন হুয়াংয়ের মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ১৬২ দশমিক ২ বিলিয়ন ডলার। বিবাহবিচ্ছেদ হলে এর অর্ধেক প্রায় ৮১ দশমিক ১ বিলিয়ন ডলার পাবেন তার স্ত্রী।

এই হিসাবের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বৈবাহিক সম্পত্তি বণ্টন আইন। সেখানে বিয়ের পর অর্জিত সম্পদ সাধারণত স্বামী-স্ত্রীর মধ্যে সমানভাবে ভাগ করা হয়।

জেনসেন ও লরির বিয়ে হয় ১৯৮৫ সালে। এর আট বছর পর ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন। ফলে তার বিপুল সম্পদের বড় অংশই বিয়ের পর অর্জিত।

তবে ৮১ দশমিক ১ বিলিয়ন ডলারের হিসাবটি সম্ভাব্য সম্পদ বণ্টনের অনুমানমাত্র। তাদের বিবাহবিচ্ছেদের কোনো ঘোষণা নেই। বিয়ের আগে সম্পদ ভাগাভাগি নিয়ে কোনো চুক্তি হয়েছিল কিনা, তাও নিশ্চিত নয়। কিন্তু এই অঙ্ক বাস্তবায়িত হলে তা ছাড়িয়ে যাবে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বিবাহবিচ্ছেদে সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের পাওয়া ৩৫ বিলিয়ন ডলারের সম্পদ।