‘যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি’

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধের আগের অবস্থায় আর কখনোই ফিরবে না কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ জানান, যুদ্ধ অবসানে ইরানের সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে হরমুজ প্রণালির তদারকি নিয়ে ওমানের সাথে সমঝোতা হয়েছে। তার দাবি, এই জলপথের নীতি নির্ধারণ করবে এর দুই উপকূলীয় দেশ— ইরান ও ওমান।

এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে সাত দফা শর্ত পাঠিয়েছে তেহরান। তার মধ্যে রয়েছে মার্কিন নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ছাড় ও সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধের ঘোষণা। কাতারের মধ্যস্থতায় এসব শর্ত ওয়াশিংটনের কাছে পাঠানো হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় আছে ইরান।

বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের বড় একটি অংশ পরিবাহিত হয় হরমুজ প্রণালি দিয়ে। ফলে যুদ্ধের পর এই নৌপথের নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও চলাচলের নিয়মে পরিবর্তন এলে আন্তর্জাতিক জ্বালানি বাজার, জাহাজ চলাচল এবং বাণিজ্য ব্যয়ে দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।

হরমুজ প্রণালি নিয়ে তেহরানের এই অবস্থান তাই শুধু যুদ্ধ-পরবর্তী নিরাপত্তার প্রশ্ন নয়, বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের ভবিষ্যৎ নিয়েও নতুন অনিশ্চয়তা তৈরি করছে।