মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বাড়ায়

আবারও উদ্বৃত্তে ফিরছে বিশ্ববাজার: আইইএ

নয় মাস ধরে চলা অস্থিরতা কাটিয়ে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি। হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনা অব্যাহত থাকলেও ধীরে ধীরে এই পথে সরবরাহ বাড়ছে বিশ্ববাজারে। এর ফলে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বৈশ্বিক তেলের বাজার আবারও উদ্বৃত্ত সরবরাহের দিকে ফিরে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা- আইইএ।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ নাগাদ বাজারের সংকট নিরসনে ১৫ মিলিয়ন ব্যারেল ডিজেলসহ মোট ৭১ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করবে মধ্যপ্রাচ্যের উৎপাদকরা। আরেক প্রতিবেদনে বলা হয়, চতুর্থ প্রান্তিকে বৈশ্বিক তেল সরবরাহ প্রতিদিন ১০৫ মিলিয়ন ব্যারেলে পৌঁছাবে, যা পূর্বাভাসকৃত চাহিদার তুলনায় প্রায় ১.৭ মিলিয়ন ব্যারেল বেশি। 

এর আগে আইইএ চতুর্থ প্রান্তিকে বাজারে তেল ঘাটতির পূর্বাভাস দিয়েছিল। চলতি বছরের শুরু থেকে ইরান সংঘাতের পর এই প্রথম বৈশ্বিক সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে গেল। 

এদিকে ওপেকভুক্ত দেশগুলোর উৎপাদনও উল্লেখযোগ্য হারে বেড়েছে। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ওপেক ও এর মিত্রদের সম্মিলিত তেল উৎপাদন ২.০৪ মিলিয়ন ব্যারেল বেড়ে দাঁড়িয়েছে দৈনিক ৪১.২৩ মিলিয়নে, যা যুদ্ধের আগে উৎপাদনের ৯৭ শতাংশের সমান। মূলত, হরমুজ প্রণালিতে ট্র্যাকিং সিগন্যাল বন্ধ রেখে ট্যাংকার চলাচলের মতো বিকল্প কৌশলের কারণে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি দ্রুত স্বাভাবিক হচ্ছে।

অন্যান্য বাজার বিশ্লেষকরাও এই অতিরিক্ত সরবরাহের প্রবণতার বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা ও গায়ানাসহ বিভিন্ন অ-ওপেক দেশ থেকেও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আইইএর প্রাক্কলন অনুযায়ী, ২০২৭ সালে বৈশ্বিক সরবরাহ ৬৬ লাখ ব্যারেল বেড়ে ১০৮ মিলিয়ন ব্যারেলে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে।