সাইবারক্যাবের অর্ডার নেওয়া শুরু করেছে টেসলা

টেসলা তাদের বহুল প্রতীক্ষিত সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি বা সাইবারক্যাব ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনার সুযোগ করে দিচ্ছে। ইতোমধ্যে এই গাড়ি কেনার জন্য নির্বাচিত গ্রাহকদের আমন্ত্রণ জানাতে শুরু করেছে কোম্পানিটি। এর মাধ্যমে দৈনন্দিন ব্যবহারের জন্য ডিজাইন করা পুরোপুরি চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ইলন মাস্কের টেসলা।

সম্প্রতি রয়টার্স-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ঘোষণায় টেসলা জানায়, আকর্ষণীয় গোল্ডেন বাটারফ্লাই ডোর বিশিষ্ট এই দুই সিটের সাইবারক্যাবটির ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯,৯৯০ ডলার। তবে, এর সাথে প্রতি মাসে ২৯৯ ডলারের একটি ‘অটোনমি সাবস্ক্রিপশন’ বা চালকবিহীন সেবার ফি যুক্ত থাকবে।

এদিকে মাসিক এই সাবস্ক্রিপশন ফি নিয়ে মুখ খুলেছেন স্বয়ং টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কও। এক্সে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, এই মাসিক ফি কিছুটা বেশি। তার মতে, কোম্পানির অন্যান্য মডেলের ফুল সেলফ ড্রাইভিং (FSD) ও কানেক্টিভিটি সেবার খরচের সাথে সামঞ্জস্য রেখে এটি মাসে প্রায় ১১৫ ডলারের কাছাকাছি হওয়া উচিত।

টেসলার ভেহিকল ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট লার্স মোরাভি গত মাসে জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ সাধারণ মানুষের কাছে সাইবারক্যাব বিক্রি শুরু করার লক্ষ্য আছে। এছাড়া কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের প্রধান অশোক এলুসওয়ামী এক পোস্টে জানান, রোবোট্যাক্সিগুলো বর্তমানে যেসব নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় চলাচল করছে, ব্যক্তিগত সাইবারক্যাবগুলোও ঠিক একই অঞ্চলে কোনো রকম মানব তত্ত্বাবধান ছাড়াই চলতে পারবে।

উল্লেখ্য, টেসলা এর আগে ২০২৫ সালের জুনে টেক্সাসের অস্টিনে চালকবিহীন রোবোট্যাক্সি সেবা চালু করেছিল। পরবর্তীতে ২০২৬ সালের এপ্রিল মাসে ডালাস ও হিউস্টন এবং জুলাই মাসে মায়ামি শহরে এই সেবার পরিসর আরও সম্প্রসারণ করা হয়। বর্তমানের এই উদ্যোগের মাধ্যমে স্বয়ংক্রিয় গাড়ি বাজারে এক নতুন বিপ্লব ঘটাতে যাচ্ছে টেসলা।