এনভিডিয়ার উন্নত প্রযুক্তির চিপ চীনে পৌঁছানোর অভিযোগ ঘিরে তদন্তে নতুন করে আলোচনায় সিঙ্গাপুরের সাবেক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের প্রধান নির্বাহী অ্যালিস হুয়াং। এ ঘটনায় তদন্তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলেছে সিঙ্গাপুর।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুনে অ্যালিস হুয়াংয়ের পাসপোর্ট জব্দ করে সিঙ্গাপুরের পুলিশ। আট মাস তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা ছিল। তদন্তকারীদের সন্দেহ, মেগাস্পিড যুক্তরাষ্ট্রের সুপারমাইক্রোর সঙ্গে মিলে এনভিডিয়ার উন্নত চিপযুক্ত সার্ভার চীনে পাঠানোর সঙ্গে জড়িত থাকতে পারে।
সার্ভারগুলো মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার ও ক্লাউড প্রযুক্তিতে ব্যবহৃত হয়। ফলে চীনে এসব প্রযুক্তি পৌঁছানোর বিষয়টি যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ ও জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।
তদন্তে সহযোগিতা চেয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও এফবিআইয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে সিঙ্গাপুর। কিন্তু ওয়াশিংটন থেকে পর্যাপ্ত তথ্য ও সহযোগিতা মেলেনি বলে অভিযোগ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
অ্যালিসের বিরুদ্ধে অপরাধ প্রমাণের মতো পর্যাপ্ত তথ্য পায়নি সিঙ্গাপুরের পুলিশ। তবে তদন্তে নিজের ভূমিকা কমিয়ে দেখাতে ভুল তথ্য দেওয়ার অভিযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে সতর্ক করা হয় এবং দেশটিতে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।