চীনের সস্তা পণ্যে ইউরোপের বাজার সয়লাব। এতে চাপে পড়ছে স্থানীয় শিল্পকারখানা, বাড়ছে ব্যবসায়িক প্রতিযোগিতা, ঝুঁকিতে পড়ছে কর্মসংস্থান। পরিস্থিতি সামাল দিতে চীন থেকে আমদানি নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, রাসায়নিক পণ্য, আসবাবপত্র ও যন্ত্রপাতির মতো কয়েকটি খাতে আমদানির পরিমাণ সীমিত করতে পারে ইইউ। এ ক্ষেত্রে আমদানি কোটা নির্ধারণ অথবা নির্দিষ্ট সীমার বেশি পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের বিষয়টি বিবেচনায় রয়েছে। ২০২৭ সালের প্রথম প্রান্তিকেই এ বিষয়ে প্রস্তাব আসতে পারে।
চীনের সঙ্গে ইউরোপের বাণিজ্য ঘাটতি ক্রমেই বড় হচ্ছে। ২০২৫ সালে এই ঘাটতির পরিমাণ দাঁড়ায় ৩৬০ বিলিয়ন ইউরো, যা প্রায় ৪০৪ বিলিয়ন ডলারের সমান। অর্থাৎ প্রতিদিন গড়ে এক বিলিয়ন ডলারেরও বেশি বাণিজ্য ঘাটতি হচ্ছে।
ইউরোপের উদ্বেগ, চীনের কমদামি এবং ক্ষেত্রবিশেষে ভর্তুকিপ্রাপ্ত পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না স্থানীয় উৎপাদকরা। এতে শিল্পকারখানার উৎপাদন ব্যহত ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে চীনা হাইব্রিড গাড়ি আমদানিতে বছরে সাড়ে তিন লাখ ইউনিটের সীমা নির্ধারণে সমঝোতা করেছে ইইউ। এবার সেই একই মডেল অন্য শিল্পখাতেও প্রয়োগের চিন্তা করছে তারা।
তবে নতুন পদক্ষেপে চীনেরও পাল্টা বাণিজ্যিক ব্যবস্থা নেওয়ার আশঙ্কাও রয়েছে। ফলে বাজার সুরক্ষার পাশাপাশি বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সামাল দেওয়াও ইইউর জন্য বড় চ্যালেঞ্জ।