স্বর্ণের দাম আবারও ৫ হাজার ডলার পেরোতে লাগতে পারে আরও দুই বছর

বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থানের পর এবার দীর্ঘ মন্দার আশঙ্কা। সর্বোচ্চ দামের পুরনো রেকর্ড ভাঙতে আরও দুই বছর অপেক্ষা করতে হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান শ্যাকস।

মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, ২০২৬ সালের জানুয়ারিতে প্রতি আউন্স সোনার দাম প্রায় ৫,৬০০ ডলারে উঠে রেকর্ড গড়েছিল। কিন্তু এরপর থেকে দরপতন অব্যাহত রয়েছে। গত সোমবার দাম নেমে আসে প্রায় ৩ হাজার ৮৬০ ডলারে। বছরজুড়ে দাম কমেছে প্রায় ১১ শতাংশ।

গোল্ডম্যান শ্যাক্সের বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর পথে থাকায় স্বল্পমেয়াদে সোনার বাজারে চাপ ও অস্থিরতা অব্যাহত থাকতে পারে। কারণ, সুদের হার বাড়লে, সোনার তুলনায় উচ্চ সুদের বন্ড বিনিয়োগকারীদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।

তবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা দামের পতন ঠেকাতে সহায়তা করতে পারে। গোল্ডম্যানের পূর্বাভাস, ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬৫০ ডলারে পৌঁছাতে পারে।

তবে, ফেড সুদের হার কমানো শুরু করলে দীর্ঘমেয়াদে পরিস্থিতি বদলাতে পারে। এতে পশ্চিমা দেশগুলোর বিনিয়োগ তহবিলে সোনার চাহিদা বাড়বে। সে ক্ষেত্রে ২০২৮ সালের শেষ নাগাদ প্রতি আউন্সের দাম ৫ হাজার ৬০০ ডলারে পৌঁছানোর সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি।

অর্থাৎ, সোনার বাজারে নতুন রেকর্ডের জন্য বিনিয়োগকারীদের আরও দীর্ঘ অপেক্ষা করতে হতে পারে।