ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে গত জুনে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা যায়, পোস্টটি প্রকাশের আয়োজন ও সমন্বয় করেছিল ভারতের হয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের একটি লবিং ফার্ম। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় জমা দেওয়া নথিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয় ‘মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স’ নামের ওই লবিং ফার্মটি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মাসে ৭৫ হাজার ডলার চুক্তিতে প্রতিষ্ঠানটিকে নিয়োগ নেয় ভারত। যেখানে ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান ল্যাঞ্জা এবং ট্রাম্পের বিদায়ী চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও ফার্মটির মূল দলের সঙ্গে যুক্ত ছিলেন।
এছাড়া, ডোনাল্ড ট্রাম্পের সহযোগী জেসন মিলারের নেতৃত্বাধীন আরেকটি ফার্ম ‘এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি’ জানিয়েছে, গত মে ও জুন মাসে ভারত সরকার এবং সিনিয়র হোয়াইট হাউসের কর্মকর্তাদের মধ্যে অন্তত আটটি ফোনালাপের ব্যবস্থা করেছিল তারা।
মূলত, ২০২৫ সালের এপ্রিলে জেসন মিলারের প্রতিষ্ঠানকে নিয়োগ দেয় ভারত সরকার। চলতি বছরের এপ্রিলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। তবে ২৩ জুন মিলার ট্রাম্প প্রশাসনে 'বিশেষ সরকারি কর্মচারী' হিসেবে যোগ দেওয়ার পর চুক্তিটি বাতিল করা হয়। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে এসএইচডব্লিউ পার্টনার্সের চুক্তি হয়েছিল মাসে ১ লাখ ৫০ হাজার ডলার পারিশ্রমিকের বিনিময়ে।
নথিপত্র অনুযায়ী, চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির কাজ ছিল মার্কিন সরকার, কংগ্রেস, অঙ্গরাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, থিংকট্যাংক ও সংশ্লিষ্ট মহলে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ দেওয়া, পরিকল্পনা তৈরি এবং সরকারি বিভিন্ন পর্যায়ে সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করা।
