চলতি অর্থবছরের জন্য দেয়া ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট সংশোধন শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। কর্মকর্তাদের আশঙ্কা, বিদ্যুত ও জ্বালানিতে বাড়তি ভর্তুকির কারণে বেড়ে যেতে পারে পরিচালন ব্যয়। যদিও এ খাতে খরচ কমাতে বিদেশ ভ্রমণ ও ভবন নির্মাণ বন্ধ রাখাসহ বেশকিছু নির্দেশনা দিয়েছে অর্থ বিভাগ। বিশ্লেষকেরা বলছেন, স্বাস্থ্য-শিক্ষায় গুরুত্ব দিয়ে স্বল্প সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিতে জোর দিতে হবে।
বড় আয়-ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করে প্রতিবছরই দেয়া হয় নতুন বাজেট। অর্থবছরের মাঝপথে এসে যা সংশোধন করে অর্থ মন্ত্রণালয়। যদিও ছোট করার পরও তা শতভাগ বাস্তবায়ন হয় না। এমন বাস্তবতা চলে আসছে গেলো এক যুগ ধরেই।
ডিসেম্বর না আসতেই, চলতি অর্থবছরের বাজেট সংশোধনের কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। তবে এবার চ্যালেঞ্জ তুলনামূলক বেশি। কারণ, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি আমদানিতে গুণতে হচ্ছে বাড়তি ব্যয়। ফলে এখাতে ভর্তুকি ছাড়াতে পারে লক্ষ্যমাত্রাকে। অন্যদিকে, এলএনজি আমদানিতে পুরো অর্থবছরের জন্য রাখা ভর্তুকি শেষ হয়েছে তিন মাসেই। এছাড়া নতুন-পে-স্কেলের কারণে জনপ্রশাসন খাতে বাড়তি প্রয়োজন হবে আরো ৪০ হাজার কোটি টাকা। ফলে শেষ বিচারে কিছুটা এলোমেলো হতে পারে আর্থিক ব্যবস্থাপনা।
সিপিডির গবেষণা প্রধান, তৌফিকুল ইসলাম খান বলেন, এটা সরকারের প্রথম বছর। এ বছরেই যদি তারা সঠিকভাবে বাজেট সংশোধন করেন তাহলে সামনের দিনে প্রোগ্রেসটা ভালোভাবে দেখা যাবে। যারা সমালোচনা করবে তাদেরকে আটকানোর বড় রাস্তা ছিল প্রথম বাজেটের সময়ই সংশোধনটা করা। দ্রুত এটা করলে আমরা সামনের দিনে তুলনামূলকভাবে এটার পারফরমেন্স দেখবো।
এরই মধ্যে সংশোধিত বাজেট পাঠাতে, মন্ত্রণালয়গুলোর জন্য একটি আদেশ জারি করেছে অর্থ বিভাগ। এতে গাড়ি কেনা, জমি অধিগ্রহণ, বিদেশ ভ্রমণ, ভবন নির্মাণে দেয়া হয়েছে বিধিনিষেধ।
এদিকে, অর্থবছরের এক তৃতীয়াংশ পার হলেও, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে মাত্র সাড়ে ৬ শতাংশ। ফলে সেখানে থেকেও হতে পারে বড় ধরনের কাটছাঁট। অন্যদিকে, রাজস্ব আহরণের গতিও সন্তোষজনক নয়। ৪৫ শতাংশের বিপরীতে প্রবৃদ্ধি সাত শতাংশের নিচে।
চলতি অর্থবছরের জন্য বাজেট ঘাটতি প্রায় আড়াই লাখ কোটি টাকা। নানা সঙ্কটের কারণে,বাড়তে পারে সেই অঙ্কও।