নতুন করে খেলাপি হওয়ার শঙ্কায় বহু পোশাক কারখানা মালিক

দেশে খাতভিত্তিক খেলাপির হারে এমনিতেই এগিয়ে পোশাক শিল্প। তারওপর, চলমান শ্রম অস্থিরতা সেই শঙ্কা বাড়িয়ে তুলছে কয়েকগুণ। এরই মধ্যে কমতে শুরু করেছে স্বাভাবিক লেনদেন। উৎপাদন ও রপ্তানি পর্যায়েও বাড়ছে অনিশ্চয়তা। যা নিয়ে উদ্বিগ্ন উদ্যোক্তারা। বিশ্লেষকরা বলছেন, এই সমস্যার দ্রুত সমাধান না হলে, আরো ঝুঁকিতে পড়বে অর্থনীতি। 
 
দেশের তৈরি পোশাকশিল্পে এক সময়ে শক্ত অবস্থানে ছিলো চিত্রনায়ক অনন্ত জলিলের এজেআই গ্রুপ। কিন্তু ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে পরিশোধ করতে পারেননি সময়মতো। ফলে, ঋণ খেলাপি হয়ে, বন্ধের ঝুকিতেঁ ১২ হাজার শ্রমিকের এই রুটি-রুজির উৎস।
 
সম্প্রতি শোয় ২শ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে আইনি নোটিশ পাঠিয়েছে সংশ্লিষ্ট ব্যাংক। বিপুল বিল বকেয়া থাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস।
 
শুধু এজেআই নয়, বিশ্বের বুকে সবুজ কারখানার সুনাম অর্জনকারী প্রতিষ্ঠান প্লামি ফ্যাশনসও পড়েছে একই সঙ্কটে। যার উদ্যোক্তা বর্তমানে এফবিসিসিআইয়ের প্রশাসক। জানান, অবস্থা চলমান থাকলে, মুখ থুবড়ে পড়বেন বহু উদ্যোক্তা।
 
দেশের রপ্তানি বাণিজ্যের ৮৫ শতাংশই পোশাক খাতনির্ভর। অন্যদিকে, মোট আমদানিরও বড় একটা অংশ আসে এই শিল্পের উদ্যোক্তাদের হাত ধরে। সেই বিচারে দেশের ব্যাংক ব্যবস্থার সাথে নিবিড় সম্পর্ক রয়েছে বস্ত্র ও তৈরি পোশাকের।
 
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৫ শেষে বস্ত্র ও পোশাকখাতে ঋণের পরিমাণ ছিলো প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা। যার মধ্যে ৩১ শতাংশই খেলাপি। অর্থাৎ, এমনিতেই চাপে রয়েছে ব্যাংকগুলো। তারওপর চলমান সমস্যা দীর্ঘায়িত হলে, দু-পক্ষই আরো বিপদে পড়বে।
 
বিজিএমইএ'র সাবেক পরিচালক শোভন ইসলাম জানান, আমাদের উৎপাদন খরচ বেড়েছে। তেলের মূল্য বেড়েছে 43%, গ্যাসের মূল্য বেড়েছে 31%, পোর্টের খরচ বেড়েছে ।  আবার এখন শ্রমের মূল্যের উপর একটা প্রেসার। আমরা তো লস দিয়ে আর ফ্যাক্টরি চালাতে পারবো না বা লস দিয়ে ব্যাংকের লোন পরিশোধ করতে পারবো না।
 
ইপিবির তথ্য অনুযায়ী, অর্থবছরের চার মাসে রপ্তানি কিছুটা বাড়লে, বেশিরভাগই এসেছে কমদামি পণ্য থেকে। যেখানে মুনাফার হার নামমাত্র। ফলে, ঋণ পরিশোধের সক্ষমতা হারাচ্ছেন উদ্যোক্তাদের। বিশ্লেষকরা মনে করেন, নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করা এবং  ক্ষতিগ্রস্ত কারখানাগুলোকে বিশেষ সহায়তা দিলে কমতে পারে এই ঝুঁকি।
 
বিজিএমইএর তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে বন্ধ থাকছে অন্তত ২শ কারখানা।