দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ছয় হাজার ১৮২ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।
শনিবার (২১ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) থেকে নতুন এই দর কার্যকর হবে।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছয় হাজার ১৮২ টাকা কমে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরির দাম পাঁচ হাজার ৮৯০ টাকা কমে এক লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পাঁচ হাজার ১৫ টাকা কমে এক লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পাঁচ হাজার ৫৪১ টাকা কমে দাঁড়িয়েছে এক লাখ ৩০ হাজার ৩৪৫ টাকায়।
এদিকে স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম তিন হাজার ৩৩ টাকায় বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা দুই হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম এক হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।