স্বর্ণ উৎপাদনে ধরা ছোঁয়ার বাইরে যে দেশ

বিশ্বের খনি থেকে ওঠা স্বর্ণের রাজ্যে চীন যে এখনো একচ্ছত্র অধিপতি, তা নিয়ে কোনো সন্দেহ নেই- টানা কয়েক বছর ধরে শীর্ষস্থান ধরে রেখে ২০২৫ সালে একাই ৩৮৪ দশমিক ৩ টন স্বর্ণ উৎপাদন করেছে দেশটি।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাব বলছে, ওই বছর বিশ্বে প্রায় ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ খনি থেকে উঠেছে, যার প্রায় ১০ শতাংশই এসেছে চীনের ভাণ্ডার থেকে, আর ৩৪২ টন নিয়ে দ্বিতীয় স্থানে ছিল রাশিয়া। তবে ২০২৬ সালে এসে চীনের ঘরের মাঠে স্বর্ণ উৎপাদনে কিছুটা ভাটার টান দেখা গেছে।

গত ৪ নভেম্বর প্রকাশিত চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশীয় কাঁচামাল থেকে ২২০ দশমিক ৯৩৫ টন স্বর্ণ উৎপাদিত হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৮ দশমিক ৭১ শতাংশ কম।

Dutch Gold 03

 আমদানি করা কাঁচামাল থেকে এসেছে আরও ১২৭ দশমিক ০৫৫ টন। ফলে দুই মিলিয়ে মোট উৎপাদন দাঁড়িয়েছে ৩৪৭ দশমিক ৯৯ টনে, গত বছরের একই সময়ের তুলনায় যা ১১ দশমিক ৪৪ শতাংশ কম। নিরাপত্তা তদারকি জোরদার করা এবং কয়েকটি বড় প্রকল্পে পরিদর্শন ও সংস্কারের কারণে উৎপাদন বন্ধ থাকায় দেশীয় সরবরাহে এই ধাক্কা লেগেছে বলে জানিয়েছে সংস্থাটি।

তবে ঘরের মাঠে গতি কমলেও বিদেশে চীনা প্রতিষ্ঠানগুলোর খনি থেকে স্বর্ণ উৎপাদন ১৫ দশমিক ৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭১ দশমিক ১২৬ টনে।

উৎপাদনে সামান্য কমতি থাকলেও স্বর্ণের বড় ভোক্তা হিসেবে চীনের ক্ষুধা কমেনি, বরং বদলে গেছে কেনাকাটার ধরন। প্রথম নয় মাসে দেশটিতে মোট ৬৮৪ দশমিক ৬২৩ টন স্বর্ণ ব্যবহৃত হয়েছে, যা আগের বছরের চেয়ে সামান্য বেশি (০ দশমিক ২৮ শতাংশ)।

Gold

কিন্তু চমক হলো গয়না আর বিনিয়োগের অনুপাতে—গয়না তৈরিতে স্বর্ণের ব্যবহার ৩৩ দশমিক ৮৬ শতাংশ কমে নেমে এসেছে ১৭৮ দশমিক ৬১২ টনে, অথচ স্বর্ণের বার ও কয়েন কেনা ২৬ দশমিক ২৬ শতাংশ বেড়ে পৌঁছেছে ৪৪৪ দশমিক ৫৭৬ টনে; পাশাপাশি শিল্পসহ অন্যান্য খাতে গেছে ৬১ দশমিক ৪৩৪ টন।

চড়া দামের মাঝেও সাধারণ মানুষ যে শখের গয়নার চেয়ে নিরাপদ বিনিয়োগের বার ও কয়েনকেই বেশি ভরসা করছেন, এই চিত্র তারই প্রমাণ। তবে দামের ওঠানামা বাড়ায় বাজারে ঝুঁকিও যে সমানতালে বাড়ছে, তা-ও স্পষ্ট।