এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের গহনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। এতে মূল্য সংযোজন করসহ (ভ্যাট) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের নতুন এ দাম নির্ধারণ করেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়াও এর অন্যতম কারণ।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে এক লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৯৯১ টাকা বাড়িয়ে এক লাখ ৮৯ হাজার ১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮৭৫ টাকা বাড়িয়ে এক লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭০০ টাকা বাড়িয়ে এক লাখ ৩২ হাজার ৩২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের নিয়ম অনুযায়ী, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেয়া যাবে না।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ভরিতে দুই হাজার ৮৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৩১ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়।
স্বর্ণের গহনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার গহনার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম তিন হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম দুই হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম দুই হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম এক হাজার ৯২৫ টাকা রয়েছে।