গ্যাস সংযোগ পেলেই এই মুহূর্তে উৎপাদনে আসতে পারে অন্তত সাড়ে ৫ শ কারখানা। যাতে তৈরি হতে পারে বিপুল কমর্সংস্থান। এই জ্বালানির যোগান দ্রুত নিশ্চিত করতেই বাড়তি ব্যয়ে নতুন এফএসআরইউ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। একাত্তরকে বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বলেন, এই মুহূর্তে বাসাবাড়িতে সরবরাহ বাড়ানোর কোনো সুযোগ নেই। তবে, কেউ চাইলে আবাসিক সংযোগ বাতিলের আবেদন করতে পারেন।
বিপুল বিনিয়োগের পরও বছর দুয়েক ধরে চালুর অপেক্ষায় কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলের বিশাল দুই কারখানা। কাচ এবং ইস্পাত উৎপাদনের জন্য প্রস্তুত এই অবকাঠামোর জন্য প্রধান জ্বালানি প্রাকৃতিক গ্যাস। কিন্তু, লম্বা সময়েও সংযোগ না পাওয়ায়, বইতে হচ্ছে দেশি-বিদেশি ঋণের বোঝা।
শুধু এই অর্থনৈতিক অঞ্চল নয়, একই অভিজ্ঞতার মুখে দেশের বহু উদ্যোক্তা। মাস চারেক আগে এ নতুন সংযোগ সংক্রান্ত সিদ্ধান্তের জন্য বিশেষ কমিটি গঠন করা হলেও, মূলত সঙ্কট চলছে কয়েক বছর ধরেই। নতুন শিল্পের বাইরে, পুরোনো কারখানায়ও গ্যাসের অভাবে কমছে উৎপাদন।
সম্প্রতি অতিরিক্ত ব্যয়ে চীনা কোম্পানিকে নতুন এফএসআরইউ নির্মাণের অনুমোদন দেয় সরকার। এ নিয়ে প্রশ্ন করা হলে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, শিল্প কারখানায় দ্রুত সংযোগ দিতেই এমন উদ্যোগ।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত প্রায় ৫৫০ ফ্যাক্টরি রেডি রয়েছে যারা আজকে গ্যাস সংযোগ পেলে কালকেই উৎপাদনে যাবে। রাতারাতি অনেক মানুষের কর্মসংস্থান হবে। এটা যদি না হয় তাহলে এরা ব্যাংকের টাকা বিনিয়োগ করেছে, ফলে ব্যাংক ডিফল্ট হবে। অতীতে সরকার যেটা করেছে, দেশের উৎপাদনে মনোযোগ দেয়নি আমাদের দেশী উৎপাদনটাই মূল ফোকাস, অতিরিক্ত টুকু আমি আমদানিতে করে কাভার করতে চাই।
পেট্রো বাংলার হিসাবে, বিএনপি সরকার দায়িত্ব নেয়া পরদিন অর্থাৎ, ১৮ ফেব্রুয়ারি অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাসের উৎপাদন ছিলো প্রায় ১৭শ এমএমসিএফ (১৬৯৩)। কিন্তু ২৫ নভেম্বর তা নেমে আসে এক হাজার ৬শ-তে (১৬০৪)। অর্থাৎ, নয় মাসেই কমেছে ১শ মিলিয়ন ঘনফুটের কাছাকাছি। এ কারণে, কারখানার পাশাপাশি আগের চেয়ে যোগান কমেছে বিদ্যুৎ কেন্দ্র এবং সারেও। আর বাসা-বাড়িতেও চাপ নেই বহুদিন ধরে।
প্রতিমন্ত্রী জানান, এই মুহূর্তে সুখবর দেয়ার সুযোগ নেই আবাসিক গ্রাহকদের জন্যও। বরং, কেউ চাইলে সংযোগ বাতিলেরও আবেদন করতে পারেন। অভ্যন্তরীণ অনুসন্ধানে সরকার জোরালো কার্যক্রম চালাচ্ছে। যার সুফলও আসতে পারে শিগগিরই।