ব্যাংকখাতের অস্থিরতার কারণে ব্যাংকার হতে আগ্রহ হারাচ্ছেন তরুণরা

ব্যাংকখাতের অস্থিরতা এবং অনিশ্চয়তা কারণে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের কাছে ব্যাংকের চাকরি লোভনীয় হলেও, সেই আগ্রহ কমছে দিন দিন। বিভিন্ন তথ্য উপাত্ত বলছে, গেলো দুই বছরে ব্যাংক থেকে চাকরি খুইয়েছেন অন্তত দশ হাজার। ঝুঁকিতে আছে আরো অনেকে। আর এই বাস্তবতা চিন্তায় ফেলছে তরুণদের। বিশ্লেষকরা মনে করেন, সার্বিকভাবে এই দায় রাষ্ট্র এড়াতে পারে না। এমন, পরিস্থিতির উন্নয়নে যে কোনো পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। 
 
বিশ্ববিদ্যালয়ের আঙিনায় আড্ডা আর গল্পের ফাঁকে ভবিষ্যৎ কর্মজীবনের পরিকল্পনা করা শিউলি, রেবেকা, মুহাজির, রাহুলদের মতো শিক্ষার্থীদের কারও স্বপ্ন ব্যাংকার হওয়া, কেউ হতে চান শিক্ষক। আবার কারও লক্ষ্য সরকারি চাকরি। লক্ষ্য ভিন্ন হলেও সবারই চাওয়া নিরাপদ কর্মজীবন।
 
বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে বোনা হচ্ছে আগামীর কর্মজীবনের স্বপ্ন। ফিন্যান্স, অ্যাকাউন্টিং কিংবা ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের অনেকেরই লক্ষ্য ব্যাংকিং পেশায় যুক্ত হওয়া। কিন্তু এই খাতের অনিশ্চয়তা ও অব্যবস্থাপনা নতুন করে ভাবাচ্ছে বেশিরভাগ তরুণদের।
 
শুধু চাকরিপ্রত্যাশী নয়, সংকটে পড়েছেন কর্মরতরাও। তথ্য বলছে, গত ১৮ মাসে দেশের ব্যাংক খাতে চাকরি হারিয়েছেন ১০ হাজারের বেশি কর্মী। ঝুঁকিতে রয়েছে আরও তিন হাজার। শুধু তাই নয়, একীভূত করে গঠন করা সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন কাঠামোয় আরও দেড় হাজার পদ কমারও আশঙ্কা রয়েছে।
 
বিশেষজ্ঞদের মতে, বছরের পর বছর রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণ বিতরণ, আমানতকারীদের অর্থের অপব্যবহার, প্রশ্নবিদ্ধ নিয়োগ এবং খেলাপি ঋণ বাড়তে থাকায় দুর্বল হয়েছে কিছু প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি। এর প্রভাব পড়ছে কর্মসংস্থানেও।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদুল জাহীদ জানান, প্রত্যেক বছর যে পরিমাণ কর্মসৃজন হয় তার চেয়ে বেশি পরিমাণ ছাত্র-ছাত্রী কিন্তু পাশ করে বের হয়। আর্থিক সেক্টরে যদিও একটা দুর্দশার মধ্য দিয়ে অতিক্রম করছে, আমরা প্রত্যাশা করি যে এই অবস্থাটা কাটিয়ে উঠবে।
 

 

ব্যাংকিং খাতের সংকট কাটিয়ে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতে, এটি করা না হলে ব্যাংকারদের পাশাপাশি অনিশ্চয়তা বাড়বে নতুন প্রজন্মের কর্মীদেরও।
 
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৯ লাখ ডিগ্রিধারীই এখন বেকার। এমন বাস্তবতায় ব্যাংকিং খাতে কর্মসংস্থানের সংকোচন তৈরি করছে নতুন উদ্বেগ।
 
ব্যাংকিং খাতের সংকট শুধু ব্যাংকারদের চাকরির নিরাপত্তাকেই প্রশ্নের মুখে ফেলছে না, অনিশ্চিত করছে চাকরিপ্রত্যাশী তরুণদের ভবিষ্যৎও। তাই রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ব্যাংক খাতের সংকট কাটানো, নতুন চাকরির সুযোগ তৈরি এবং মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।