ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল থেকে প্রায় ২১০ বছর আগে নিয়ে যাওয়া নকশাখচিত একটি মার্বেল ফলক যুক্তরাজ্যে নিলামে উঠতে যাচ্ছে। ১৮১৬ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা কর্নেল পোনল ফিপস (Pownoll Phipps) ফলকটি সংগ্রহ করেছিলেন।
আগামী ৯ ডিসেম্বর লন্ডনের নিলাম প্রতিষ্ঠান লায়ন অ্যান্ড টার্নবুলের আয়োজনে ইসলামিক ও ভারতীয় শিল্পকর্মের নিলামে এটি তোলা হবে। ফলকটির সম্ভাব্য দাম ধরা হয়েছে ২০ হাজার থেকে ৩০ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৩২ থেকে ৪৮ লাখ টাকা।
আয়তাকার সাদা মার্বেলের ফলকটিতে রয়েছে সূক্ষ্ম ফুলেল নকশা। এতে মূল্যবান পাথরের কারুকাজ রয়েছে। নিলাম কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তাজমহরের ভেতরে মুঘল সম্রাট শাহজাহানের সমাধির ওপরের অংশের নকশার সঙ্গে ফলকটির ফুলেল নকশার মিল রয়েছে।
কর্নেল পোনল ফিপস ১৮১৬ সালে আগ্রায় ঐতিহাসিক স্থাপনাগুলোর সংস্কারকাজ তদারকির দায়িত্বে ছিলেন। তাঁর ছেলের স্মৃতিকথা অনুযায়ী, তাজমহলের একটি ভূগর্ভস্থ কক্ষ থেকে ফলকটি পেয়েছিলেন তিনি। ধারণা করেছিলেন, এটি স্থাপনাটির সংস্কারকাজের জন্য তৈরি করা হয়েছিল। দুটি ফলকের একটি তিনি নিজের কাছে রাখেন।
১৮২৩ সালে পরিবারসহ ব্রিটেনে ফিরে যান ফিপস। এরপর দুই শতাব্দীরও বেশি সময় ধরে ফলকটি তাঁর পরিবারের সংগ্রহে ছিল। ১৮৫৮ সালে তাঁর মৃত্যু হয়।
নিলামে ফলকটির সঙ্গে তাজমহলের একটি পুরোনো সাদাকালো ছবিও থাকবে। পাশাপাশি রয়েছে ফিপসের নাতির লেখা একটি নথি এবং মার্কেস অব বাথের হাতে লেখা একটি চিঠি।