৯ এপ্রিল পর্যন্ত নতুন নোট পাওয়া যাবে

ঈদে নতুন টাকা মানেই আলাদা খুশি। আর এই খুশিকে আরও কয়েকগুণ বাড়িতে দিতে এবার ১০৬ কোটি ৫৬ লাখ টাকার নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।

আগামী ৯ এপ্রিল পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যাংকের ৮০টি শাখা থেকে আঙুলের ছাপ দিয়ে একবারই মোট ১৮ হাজার ৫শ’ টাকা বিনিময় করতে পারবেন একজন গ্রাহক।

গত ২০ মার্চ বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে জানায়, ৩১ মার্চ থেকে নতুন টাকা পাওয়া যাবে ব্যাংকের শাখায়।

সরকারি ছুটির দিন ব্যতিত ৯ এপ্রিল পর্যন্ত ঢাকা, মুন্সীগঞ্জ, সাভার, গাজীপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ এলাকায় সরকারি-বেসরকারি ব্যাংকের ৮০টি শাখা থেকে ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার এক বান্ডেল করে মোট ১৮ হাজার ৫শ’ টাকা বিনিময় করতে পারবেন একজন গ্রাহক।

প্রতিটি শাখাকে দৈনিক কমপক্ষে ৯০ জনকে নতুন টাকা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এ হিসাবে একটি শাখা দৈনিক কমপক্ষে ১৬ লাখ ৬৫ হাজার টাকার নতুন নোট বিতরণ করবে। আর একদিনে ৮০টি শাখার মাধ্যমে বিতরণ হবে ১৩ কোটি ৩২ লাখ টাকার নতুন নোট।

সাধারণত বছরে দুই ঈদে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ও বাণিজ্যিক ব্যাংকের শাখার মাধ্যমে প্রতিবার ২৫ থেকে ৩৩ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হয়।

তবে এবার নিরাপত্তার কথা বলে বাংলাদেশ ব্যাংকে বিনিময় হচ্ছে না নতুন টাকা।

গতবছর কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকের ৪০টি শাখার মাধ্যমে নতুন টাকার নোট বিতরণ করা হয়েছিল। এবার সেই সংখ্যা দ্বিগুণ হয়েছে।

গতবার এক ব্যক্তি সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকার নতুন নোট সংগ্রহ করতে পেরেছিলেন। ১৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়তে পাঁচটি কাউন্টার খুলেছিল বাংলাদেশ ব্যাংক।

ঝামেলা ছাড়া নতুন নোট সংগ্রহে অনেকেই বাংলাদেশ ব্যাংকের প্রধান শাখায় যেতেন। কিন্তু এবার সে সুযোগ বন্ধ।