সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে মিলিয়ে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি শুরু হয়েছে বুধবার।
এ দিন ব্যাংকগুলোর লেনদেন শুরু হয় সকাল ১০টায়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
এতদিন ব্যাংক লেনদেন হয়েছে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা এবং ব্যাংকগুলোর অফিস চলতো সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সেই হিসাবে ব্যাংক লেনদেন আধা ঘণ্টা ও অফিস এক ঘণ্টা বেশি সময় চলবে।
গত ৯ জুন বাংলাদেশ ব্যাংক লেনেদেনর নতুন সময় সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়, সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ১৯ জুন থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক কার্যক্রম পরিচালিত হবে।
পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিকসহ টানা পাঁচ দিনের ছুটি মঙ্গলবার শেষ হয়েছে। বুধবার খুলেছে অফিস-আদালত। সঙ্গে খুলেছে ব্যাংক, বিমা ও শেয়ারবাজার।