এক্সিম ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম স্বপন। আগামী দুই বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।
শুক্রবার ব্যাংকটির পুনর্গঠিত পর্ষদ সভায় তাকে চেয়ারম্যান নির্বাচন করা হয়। এদিন সন্ধ্যায় ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার নজরুল ইসলাম মজুমদারকে সরিয়ে এক্সিম ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। আগের পর্ষদ বাতিল করে তিন জন শেয়ারধারী পরিচালক ও দুই জন স্বতন্ত্র পরিচালকের সমন্বয়ে নতুন পর্ষদ গঠন করা হয়।
বাংলাদেশ ব্যাংক এক চিঠিতে জানায়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন গভর্নর হিসেবে আহসান এইচ মনসুর যোগ দেওয়ার পর থেকে মোট সাতটি ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে প্রথম পাঁচটি ব্যাংকই এ খাতের আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল।