বৈশ্বিক সাইবার নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর অবশেষে সচল হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট। রোববার সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি পুনরায় চালু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিলো না। পিএইচপি প্রোগ্রামিং ভাষার গুরুতর নিরাপত্তা ত্রুটি থেকে সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিলো। সে সময় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছিল, জরুরি নিরাপত্তা সমস্যার ঝুঁকি এড়াতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশ্বজুড়ে সতর্কতা জারি হয়েছিল। এসব ত্রুটি কাজে লাগিয়ে সাইবার হামলাকারীরা দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করার সুযোগ পেতে পারে, এমন শঙ্কার পরেই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।
যার ফলে বাংলাদেশ ব্যাংক ছাড়াও পিএইচপিভিত্তিক আরও কিছু ব্যাংক ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছিলো। ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা চিহ্নিত ও তার সফল সমাধান শেষে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার পরই সাইটটি পুনরায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হলো। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে সাইটটির কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।