কমিউনিটি সেন্টার ভাড়ায় দিতে হবে রিটার্ন রশিদ

এখন থেকে বিয়ে, জন্মদিন বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টার ভাড়া নিতে আয়কর রিটার্ন জমার রসিদ লাগবে।

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ শর্ত যোগ করা হয়েছে।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেটে বলা হয়, এখন থেকে বিয়ের জন্য কমিউনিটি সেন্টার ভাড়া নিতে হলে লাগবে আয়কর রিটার্ন জমার রসিদ। সাধারণত বিয়ে, বিবাহবার্ষিকী, জন্মদিন, গায়ে হলুদ, সুন্নতে খাতনাসহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি সভা, সেমিনার, পুনর্মিলনী অনুষ্ঠান করতে কমিউনিটি সেন্টার ও মিলনায়তন ভাড়া করা হয়। এখন থেকে বার্ষিক আয়কর রিটার্ন জমার রসিদ ছাড়া মিলনায়তন ভাড়া করা যাবে না।

বর্তমানে ৪৩ ধরনের সেবা পেতে রিটার্ন জমার রসিদ লাগে। এই তালিকায় মিলনায়তন ভাড়া, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নিবন্ধন ও নবায়নে রিটার্ন জমার বাধ্যবাধকতা যুক্ত হতে পারে।