পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউটিরিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন ড. এম মাসরুর রিয়াজ।
শনিবার এক বিবৃতিতে তিনি বাংলাদেশ সিকিউটিরিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদে তাকে নিয়োগ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দিয়ে বলেন, এই মুহূর্তে তিনি শুধু অর্থনীতিবিদ হিসেবেই কাজ করতে চান।
বিবৃতিতে তিনি বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে আমি মনে করি, আমার বর্তমান অবস্থান থেকে একজন অর্থনীতিবিদ হিসাবে দেশের এবং অর্থনীতির জন্য আরও বড় পরিসরে কাজ করতে পারবো। একজন অর্থনীতিবিদ হিসেবে সামগ্রিক অর্থনীতি, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, এবং আর্থিক খাত সংক্রান্ত নীতি বিশ্লেষণ, সংস্কার কৌশল এবং সংলাপের মাধ্যমে দেশের অর্থনীতির কল্যাণে কার্যকর নীতি প্রণয়ন ও সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এসব বিবেচনায় আমি সবিনয়ে বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।
অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র মেরামতের প্রচেষ্টায় নিজের অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাবেন বলেও উল্লেখ করেন এই অর্থনীতিবিদ।
গত ১৩ আগস্ট মাসরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। মাসরুর রিয়াজ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তা ছিলেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কাজ করছেন মাশরুর রিয়াজ। এর আগে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছেন।
রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ১১ আগস্ট বিএসইসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। পরদিন পদত্যাগ করেন সংস্থাটির দুই কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম।