রোজার আগেই দ্বিগুণ খেজুরের দাম

রোজার একমাস আগেই ইফতার পণ্য খেজুরের বাজারে আগুনের তাপ। এরই মধ্যে দাম বেড়েছে কেজিতে ২০০ টাকা পর্যন্ত। বিক্রেতারা জানাচ্ছেন, পাইকারিতেই এখন দাম বাড়তি। এই অবস্থায় টিসিবির দাবি গত এক মাসে খেজুরের দাম বাড়েনি।

খেজুরের দাম নিয়ে টিসিবি যে দাবি করেছে, সে দাবির মিল পাওয়া যায়নি বাজারে। টিসিবি বলছে, এক মাসে খেজুরের দাম এক পয়সাও বাড়েনি। কিন্তু বাজারে কেজিতে বেড়েছে ২০০ টাকা পর্যন্ত।

প্রায় ৪০ দেশ থেকে বছরে দেশে আমদানি করা হয় প্রায় পাঁচ কোটি কেজি খেজুর। তবে রোজার মাসে চাহিদা কয়েকগুণ বাড়ায় খেজুর বিক্রি হয় অন্তত আড়াই কোটি কেজি বা ২৫ হাজার মেট্রিকটন।

রোজার আগে প্রতি বছরেই খেজুরের দাম বেড়ে যায়। এবারও বেড়েছে। তবে অন্যসময়ে সাধারণ মানের যে খেজুর ১২০ টাকায় পাওয়া যায়, সেটাই এখন বিক্রি ২৪০ টাকায়। আর উন্নত মানের মরিয়ম, মেডজুল ও আজহারে বেড়েছে কেজি প্রতি ২০০ টাকা পর্যন্ত।

তবে, বাজারে দাম বাড়লেও টিসিবির তথ্য বলছে, এক মাসে নতুন করে খেজুরের দাম বাড়েনি। সরকারের এই সংস্থার হিসেবে এক বছরে খেজুরের দাম বেড়েছে মাত্র ১৬ দশমিক ৬৭ শতাংশ।

ক্যাবের সভাপতি গোলাম রহমান জানান, পণ্য আমদানি স্বাভাবিক হওয়া দরকার, আর ভোক্তারা যদি রয়েসয়ে পণ্য ক্রয় করে তাহলেই রোজায় স্বাভাবিক থাকবে বাজার।

এরকম কথার পিঠে কথা আর দাম নিয়ন্ত্রণে বাজারে মাঝে-মধ্যে অভিযান- কোনো কিছুতেই খেজুরসহ নিত্যপণ্যের বাজারে সুফল পাচ্ছে না মানুষ।