ড. মুহাম্মদ ইউনূসের মামলা স্থগিত চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদেশি নাগরিকদের খোলা চিঠির প্রতিবাদ ও উদ্বেগ জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওই চিঠিতে ইউনূসের বিরুদ্ধে চলমান বিচার বন্ধের অনুরোধকে স্বাধীন দেশের সংবিধানের ওপর হস্তক্ষেপ উল্লেখ করে মানববন্ধনে বক্তারা বলেন, ১৬ কোটি মানুষের জন্য যে আইন, সেই আইনেই ড. ইউনূসের বিচার হবে। কিন্তু বিচারপ্রক্রিয়া বন্ধের অনুরোধ করাটা বাংলাদেশের সংবিধানের ওপর সরাসরি হস্তক্ষেপ; যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের বিচার শুরু হয়েছে। ইউনূসের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া স্থগিত চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে খোলা চিঠি দেন বিশ্বের বিভিন্ন দেশের ১৬০ জন বিশিষ্ট নাগরিক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, ড. ইউনূসের পক্ষে অযাচিত ও অনভিপ্রেত বিবৃতি দেয়া থেকে যেন অন্যরাও বিরত থাকে।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, উপউপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।