রাজধানীতে হোটেল থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার

রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সেগুনবাগিচার হোটেল দ্যা গ্র্যান্ড হায়াতের দ্বিতীয় তলার একটি রুম থেকে ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মনিন্দ্র নাথ বাড়ৈ (৪৮) রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায় কোটালিপাড়া উপজেলায়। বর্তমানে তিনি রাজৈর উপজেলায় পরিবার নিয়ে থাকতেন।

নিহতের চাচাতো ভাই জানান, মনিন্দ্র নাথ দুই সন্তানের বাবা। তিনি পরিবারসহ স্কুলের কাছেই থাকতেন। কী কারণে তিনি ঢাকা এসেছিলেন তা জানা যায়নি।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্বাস আলী জানান, উদ্ধারের সময় ফ্যানের সাথে বৈদ্যুতিক তারে ঝুলছিলো মরদেহটি।

আব্বাস আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।