রাজধানীর নর্দায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে নর্দা বাসস্ট্যান্ড এলাকায় এসড়ক দুর্ঘটনা ঘটেছে।
ওই নারীর নাম জাহানারা খাতুন তাহেরা (৬৫)। তিনি নর্দা সৌদি মসজিদ সংলগ্ন এলাকার মৃত জসিম উদ্দিনের স্ত্রী।
তার ছেলে জানান, সকালে মা মধ্য বাড্ডায় বাবারবাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে বিকালে বাড্ডায় ডাক্তার দেখিয়ে নর্দার নিজ বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় বাড্ডা থেকে কুড়িলগামী রাজধানী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বারিধারা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গুলশান থানার উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, রাজধানী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।