রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকায় কনকর্ডের একটি রেডিমিক্স ট্রাকের চাপায় আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকালে ঢাকা উদ্যানের বি ব্লক ৪ নম্বর রোডে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু সোহান ঢাকা উদ্যান এলাকার মো. আলামিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকা উদ্যান এলাকায় গিয়েছিল কনকর্ডের একটি রেডিমিক্স ট্রাক। সে সময়ে বাসার অদূরে খেলা করছিল শিশু সোহান। গাড়িটি পেছনের দিকে পেছানোর সময়ে পেছনে থাকা আড়াই বছরের শিশু সোহান চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহা জানান, এ ঘটনায় ঘাতক গাড়িটিকে জব্দ ও চালককে আটক করা হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।