নাশকতা ও পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহানসহ ১৫ নেতাকে চার বছরে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রায় দেন। সাজার বিষয় নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন।
অভিযুক্তদের পৃথক দুটি ধারায় দুই বছর করে কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
হাবিব ও শাহজাহান ছাড়াও দণ্ড পাওয়া বিএনপির নেতাদের মধ্যে রয়েছেন- কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আহসান হাবিব লিংকন, দলের গ্রাম সরকার বিষয়ক সহসম্পাদক মোহাম্মদ বেলাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ শামীমুর রহমান শামীম।
দণ্ড পাওয়াদের মধ্যে আরও রয়েছেন- তৌহিদুল ইসলাম, তুহিন, মনিরুল হক মনির, মোহাম্মদ দিদারুল ইসলাম, মাসুদ রানা, আব্দুর রাজ্জাক, জিয়াউল ইসলাম জুয়েল, মো. আরিফ, মোহাম্মদ নিশান মিয়া, মোহাম্মদ মাহমুদুল হাসান সুমন, মোজাম্মেল হক।
দবে অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন বিএনপির চার জন। তারা হলেন মোহাম্মদ কফিল উদ্দিন, দ্বীন ইসলাম, মোহাম্মদ মামুন ও আমিনুল ইসলাম।
,মামলার অভিযোগে বলা হয়, ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ চলাকালে ২০১৫ সালের ৪ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে জোটের সমর্থক ও নেতৃস্থানীয় ব্যক্তিদের পরোক্ষ ইন্ধনে ৩০/৪০ জন ভাটারা থানার যমুনা ফিউচার পার্কের বিপরীতে প্রগতি সরণীতে জনসাধারণের চলাচল গতিরোধ, পুলিশের কর্তব্য কাজে বাধাসহ মানুষ খুন করতে বাসে অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় ভাটারা থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
রায়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরও এক মাসের কারাভোগ করতে হবে।
এ ছাড়া অগ্নিসংযোগ করে ক্ষতি সাধনের অভিযোগে আরও দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও এক মাসের কারাভোগ করতে হবে। দুই ধারার সাজা এক সঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।