মহাখালীতে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া তিন পথশিশুর পরিচয় মেলেনি। তাই তাদের মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হচ্ছে জুরাইন কবরস্থানে।
২৩ সেপ্টেম্বর সকালে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ওই তিন শিশুর মৃত্যু হয়। কিন্তু ঘটনার পর অনেক দিন পেরিয়ে গেলেও কেউ তাদের খোঁজ নিতে আসেনি। এ অবস্থায় ইসলামী জনকল্যাণ সংস্থা ‘আঞ্জুমান মফিদুল ইসলাম’ -এর মাধ্যমে মরদেহ দাফনের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রী সুনীল চন্দ্র সুত্র ধর জানান, দুর্ঘটনার পর তিন শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর ঢামেক কর্তৃপক্ষ মরদেহগুলো মরচুয়ারী কুলার বা মরদেহ সংরক্ষণের ফ্রিজে রাখে।
সুনীল চন্দ্র জানান, এখনও শিশুদের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা কেউ তাদের চিনতে পারেনি। আলাদা করে তিন শিশুর ডিএনএ প্রোফাইল (নমুনা) সংগ্রহ করা হয়েছে।
তিনি জানান, অনেক দিন হয়ে যাওয়ার কারণে মরদেহগুলো আর রাখা যাচ্ছে না। তাই দেহগুলো দাফনের ব্যবস্থা করা হচ্ছে। দু’এক দিনের মধ্যে শিশুদের দাফন হবে।