রাজধানীতে একটি মহিলা হোস্টেল থেকে নাসিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় কলাবাগান থানার ক্রিসেন্টে রোডের একটি মহিলা হোস্টেলের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত নারীর নাম কারিনা ঘোষ (২১)। তিনি আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিংয়ের বিএসসি কোর্স করছিলেন। তার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার মফিজ উদ্দিন বিশ্বাস সড়কের মজুমপুর গ্রামে।
পুলিশ জানায়, ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সাথে ওড়না দ্বারা ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
মৃত নারীর মামা স্বপন মজুমদার বাবু বলেন, কারিনা মঙ্গলবার পুজোর অনুষ্ঠানেও গিয়েছিল। পরে রাতে শুনি এই ঘটনা। তবে কি কারনে এ ঘটনা, তা আমি জানিনা।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, কি কারনে ও কেন এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।