কাকরাইল রণক্ষেত্র, গাড়ি ও পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে করে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর কাকরাইল এলাকা। ট্র্যাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে। আগুন লাগানো হয়েছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিবি) ভবনে রাখা কয়েকটি গাড়িতে।

বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

পল্টনে বিএনপি ও আরামবাগে জামায়াতে ইসলামীর সমাবেশ ঘিরে শনিবার সকাল থেকে রাজধানীর পরিস্থিতি থমথমে হয়ে ওঠে।

এদিকে বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করছে আওয়ামী লীগ। সেখানে যোগ দিতে আসা আসা আওয়ামী নেতা-কর্মীদের বহনকারী বাস ও পিকআপে বেলা ১২টার দিকে হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা।  এসময় মারমুখী বিএনপির কর্মীরা একজনকে পিটিয়ে মাথা থেঁতলে দেয়।

বিএনপির নেতা-কর্মীরা হামলা চালিয়ে বাসটি ভেঙে ফেলে। এরপর কাকরাইল মোড়ে পুলিশ ব্যারিকেড দিতে গেলে তা ভেঙে ফেলে বিএনপির নেতা-কর্মীরা।

bus_burning

এরপর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। বিএনপি নেতা-কর্মীরা ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিবি) ভবনে ঢুকে পড়ে। সেখানে রাখা কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। কাকরাইল মোড়ের ট্র্যাফিক পুলিশ বক্সে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় বিএনপির নেতাকর্মীরা।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ছোড়ে পুলিশ।

এদিকে কাকরাইলে সংঘর্ষের মধ্যেই সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করেছে বিএনপি। কয়েকটি ট্রাকের ওপর মঞ্চ বানিয়ে বিএনপির নেতারা বক্তব্য শুরু করেছেন।

এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ। মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটের সামনে এই সমাবেশে দলীয় নেতা-কর্মীরা বক্তব্য দিচ্ছেন।