রাজধানীর শ্যামপুরে ট্রাকের ধাক্কায় এক দিনমজুর নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত একটার দিকে ধোলাইপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিনমজুর মো. সোবাহান (৪২) দুর্ঘটনার সময় পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত দেড়টায় মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদউজ্জামান জানান, রাত একটার দিকে ধোলাইপাড় গোলচত্তর এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। তার মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঘাতক ট্রাকটিকে সনাক্ত করা সম্ভব হয়নি, তবে চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।