হাতিরঝিলে বাসা থেকে মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল থানাধীন উলন রোডের একটি বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি একটি মসজিদের খতিব ও এক মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

নিহত মো. আব্দুল আজিজ (৩৬) নরসিংদী সদর উপজেলার হাজীপুর গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে। পরিবার নিয়ে তিনি হাতিরঝিলের উলন রোডে ভাড়া বাসায় থাকতেন।

বৃহস্পতিবার বিকেলে আজিজের স্ত্রী তার বোনের বাসায় গেলে তিনি আত্মহত্যা করেন বলে দাবি পরিবারের।

স্ত্রী নূরে জান্নাত মিম বলেন, আমি আমার বাচ্চাদের নিয়ে বোনের বাসায় গিয়েছিলাম। এসময় আজিজ আমার ছোট বোনকে ফোন দিয়ে বলেন, এই দেখো আমি গলায় ফাঁসি দিচ্ছি। পরে তিনি ফোন রেখে দিলে আমি বাসায় এসে দেখে তিনি সিলিং ফ্যানের সাথে ওড়নায় ঝুলছেন।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে- চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।