বিমানবন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত এক

রাজধানীর বিমানবন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ওই ব্যক্তি কর্মস্থল থেকে বাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

নিহত মো. আরমান আলী (২৬) সিভিল অ্যাভিয়েশনের গাড়ি চালক ছিলেন। তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ধনারপাড় গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার বাবা কৃষক।

আরমান আলী এক ভাই ও এক বোনের মধ্যে ছোট। ২০২২ সালে চাকরিতে যোগদান করেন তিনি।

নিহতের সহকারী জাহিদুল ইসলাম জানান, সিভিল অ্যাভিয়েশন মেসে থাকতো আরমান। তিনি কাজ শেষে বাসায় ফেরার পথে কাওলা রেললাইনের পাশে ছিনতাইকারীরা তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তিনি বাধা দেওয়ায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

আহত অবস্থায় আরমান নিজেই স্থানীয় আর রাহা হাসপাতালে যায়। পরে সেখান থেকে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরমানের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।