খিলক্ষেতে এএসআইকে ছুরিকাঘাত

রাজধানীর খিলক্ষেতের কুড়াতলী এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতের পর এএসআই মফিজুল ইসলামকে (৪০) গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে তাকে ঢামেকে রেফার করা হয়।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক জানান, এএসআই মফিজুল ইসলামের ডিউটি ছিল তিনশ’ ফিট চেকপোস্টে। সেখানে ডিউটি শেষ করে অটোতে চড়ে কুড়াতলী নেমে থানার উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়ার সময় পথে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তার পেটে ও মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ওসি জানান, মফিজুল ইসলামের কাছে অস্ত্র ছিলো। দুর্বৃত্তরা তা নিতে পারেনি। পূর্ব শক্রতার জেরে না অন্য কারণে এ হামলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।