রাজধানীজুড়ে নিরাপত্তায় এপিসিসহ র‍্যাবের ৬০ টহল টিম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সংলগ্ন এলাকায় র‌্যাব স্পেশাল ফোর্সেসের বিশেষায়িত যানবাহন এপিসিসহ সাতটি টহল টিম মোতায়েন রয়েছে।

এছাড়াও রাজধানীজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের ৬০টি টহল টিম দায়িত্বপালন করছে।

বুধবার সন্ধ্যায় র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর নির্বাচন কমিশন সংলগ্ন এলাকায় বিশেষায়িত যানবাহন এপিসিসহ র‌্যাব স্পেশাল ফোর্সেসের সাতটি টহল টিম মোতায়েন করা হয়েছে। এছাড়াও রাজধানীর নিরাপত্তায় র‍্যাবের ৬০টি টহল টিম মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে, বিএনপি ও জামায়াতের ডাকা পঞ্চম দফা অবরোধের মধ্যে নাশকতা ঠেকাতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে পোশাক কারখানা অধ্যুষিত এলাকা, ঢাকা ও আশেপাশের জেলায় টহল দিচ্ছে ৩৩ প্লাটুন বিজিবি। সাধারণত প্রতি প্লাটুনে থাকেন ৩০ জন বিজিবি সদস্য।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বুধবার সকালে এক বার্তায় বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে ঢাকাসহ সারা দেশে ১৮১ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।