সমাবেশের নামে গত ২৮ অক্টোবর রাজধানী এবং পরে নারায়নগঞ্জে নাশকতার অন্যতম হোতা এবং ১৫টি মামলার পলাতক আসামি আবু তালেব মাসুমকে গ্রেপ্তার করেছেন র্যাব।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুমের এক ঘনিষ্ঠ সহযোগীসহ কক্সবাজার থেকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে বলে র্যাবের তরফ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
ঢাকায় মহাসমাবেশে উপস্থিত থেকে নাশকতায় সরাসরি অংশগ্রহণকারী এবং পরবর্তী সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ নারায়ণগঞ্জ এলাকায় বিভিন্ন যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে মাসুমকে শনাক্ত করে র্যাব।
এরপর র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র্যাব-১ ও র্যাব-১৫ এর একটি আভিযানিক দল কক্সবাজারে যৌথ অভিযান চালিয়ে সহযোগীসহ আবু তালেব মাসুমকে গ্রেপ্তার করে।
মাসুমের সঙ্গে গ্রেপ্তার হওয়া তার ঘনিষ্ঠ সহযোগীর নাম জজ মিয়া। তিনি নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সভাপতি।