রাজধানীর ওয়ারী থানার সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন।
রোববার রাত ৯টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মাকসুদা আক্তার (৫৫), তার স্বামী আবুল বাশার (৬৫) ও তাদের ছেলে মাহবুব (২০)। আহত অবস্থায় রাত ১১টার দিকে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন।
জানা গেছে, তারা গেন্ডারিয়ার ধুপখোলা এলাকার বাসিন্দা। মাকসুদা বাসাবাড়িতে কাজ করেন এবং তার স্বামী আগের ফুটপাতে ফলের ব্যাবসা করতেন, বর্তমানে কিছু করেন না। আর তাদের ছেলে মুদি দোকানে খবার সরবরাহের কাজ করেন।
আবুল বাশার জানান, তারা সংবাদ পেয়েছেন তাদের ছেলেকে পুলিশ থানায় নিয়ে গেছে। পরে থানার সামনে যান তারা। সেখানে পুলিশের সঙ্গে কথা হয় তাদের। ছেলেকে নিয়ে ফেরার সময় রাস্তার পাশে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ হয়। ধোঁয়া হয় চারদিকে। কিছু সময় পর বুঝতে পারেন নিজেরা আহত হয়েছেন। তাদের হাতে ও মাথায় আঘাত লেগেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তারা গুরুতর আহত নন।