ডিআরইউর নতুন সভাপতি শুভ, সম্পাদক মহিউদ্দিন

ঢাকায় কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপ-প্রধান প্রতিবেদক সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক হয়েছেন দেশটিভির স্পেশাল করেসপন্ডেন্ট মহিউদ্দিন।

নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশনের জ্যৈষ্ঠ প্রতিবেদক মো. হাবিবুর রহমান (হাবিব রহমান)।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন ডিআরইউর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এক হাজার ৪০৪টি ভোট পড়ে নির্বাচনে।

নির্বাচনে সৈয়দ শুকুর আলী শুভ ৫৮৩ ভোট পেয়ে সভাপতি ও মহিউদ্দিন সর্বোচ্চ ৬০৭টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। আর ৯০৯ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন মো. হাবিবুর রহমান।   

এক বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম শামীম, যুগ্ম-সম্পাদক পদে মো. মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক পদে মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ ও দপ্তর সম্পাদক পদে রফিক রাফি বিজয়ী হয়েছেন।

এছাড়া নারী বিষয়ক সম্পাদক পদে মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুশান্ত কুমার সাহা, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা), ক্রীড়া সম্পাদক পদে মো. মাহবুবুর রহমান, আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ ছলিম উল্লাহ ও কল্যাণ সম্পাদক পদে মো. তানভীর আহমেদ (তানভীর আহমেদ) নির্বাচিত হয়েছেন।  

কার্যনির্বাহী সদস্য পদে মো. হাবিবুর রহমান ছাড়াও দেলোয়ার হোসেন মহিন, ফারহানা ইয়াসমিন (জুঁথী),  মো. শরিফুল ইসলাম, মুহিববুল্লাহ মুহিব, রফিক মৃধা এবং সাঈদ শিপন নির্বাচিত হয়েছেন। আর সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মো. মনোয়ার হোসেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বাংলাদেশে পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন। রাজধানী ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, সংবাদ সংস্থা এবং অনলাইন মিডিয়ায় কর্মরত প্রতিবেদকরা এ সংগঠনের সদস্য।  

প্রতিবেদকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার মান রক্ষা এবং সদস্যদের জন্য কল্যাণধর্মী কর্মসূচি পরিচালনার জন্য ১৯৯৫ সালের ২৬ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠিত হয়। ঢাকার সেগুনবাগিচায় ডিআরইউর কার্যালয় অবস্থিত।