হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় বাইক চালক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শরিফ হোসেন (৩৮) সূত্রাপুরের নওয়াবপুরে থাকতেন। তার বাবার নাম মোশাররফ হোসেন। তিনি মোটরসাইকেলে রাইড শেয়ারিং (পাঠাও চালক) করতেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারজানা আক্তার জানান,  ঢাকা-কলকাতা রোডের ডেক্স ট্রাভেলসের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে ফ্লাইওভারে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক।

এ ঘটনায় বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।