পিএসসির সামনে চাকরিপ্রার্থীদের অবস্থান

পুনরায় ৪৩তম বিসিএসের নন-ক্যাডারে পদ সংখ্যা বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছেন চাকরিপ্রার্থীরা।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় অনেককে কাফনের কাপড় জড়িয়ে থাকতে দেখা যায়।

মানববন্ধন ও সমাবেশে ক্যাডার ও নন-ক্যাডারের ফল পৃথকভাবে প্রকাশ, নন-ক্যাডারের বিজ্ঞপ্তি বাতিল এবং পদ বাড়িয়ে পুনরায় পছন্দক্রম নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা।

চাকরিপ্রার্থীরা জানান, গত কয়েকটি বিসিএসে নন-ক্যাডারে প্রায় চার হাজার করে প্রার্থী চাকরি পেয়েছেন। ৪১তম বিসিএসের নন-ক্যাডারে ফল প্রকাশের পর দ্রুত সময়ে ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করতে গিয়ে তাদের বৈষম্যের মধ্যে ফেলে দেয়া হয়েছে।

psc

এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, তারা (চাকরিপ্রার্থীরা) এখানে কেন কর্মসূচি করছেন আমরা বুঝতে পারছি না। পদ বাড়ানোর দাবি তো আমরা পূরণ করতে পারবো না। এটা (শূন্যপদ নির্ধারণ) জনপ্রশাসন মন্ত্রণালয় করে থাকে।

এসময় আন্দোলনকারীদের জনপ্রশাসনে যাওয়ারও পরামর্শ দেন এই কর্মকর্তা।