কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কাঠপট্টি মাছবাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবু নছর সাহেদ (৪৬) তেজগাঁওয়ের পূর্ব রাজাবাজার এলাকার আবু আলী জুলফিকারের ছেলে।

পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৭টায় দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

উদ্ধারকারী পথচারী জানান, লোকটি কারওয়ান বাজার কাঠপট্টি এলাকায় রেললাইন দিয়ে হেটে যাওয়ার সময়ে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে জানানো হয়েছে। মৃতের পকেট থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় জানা যায়।