বঙ্গবন্ধু স্টেডিয়ামের গেটের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার

রাজধানীর পল্টন থানাধীন বঙ্গবন্ধু স্টেডিয়ামের গেটের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনে ছিল ময়লা শার্ট ও গেঞ্জি।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে স্টেডিয়ামের ৩ নং গেটের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক অজ্ঞাতনামা পুরুষ (৫০) বছর হতে পারে।

সত্যতা নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবলু রহমান জানান, সকাল সাড়ে দশটার দিকে খবর পেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে‌ এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।