বনানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

রাজধানীর বনানীতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বনানী কবরস্থান এলাকার বিপরীত পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। অজ্ঞাতনামা ওই পুরুষের বয়স আনুমানিক ৪৫-৫০ বছর হতে পারে। তার পরনে ছিল কালো জ্যাকেট, লাল গেঞ্জি ও কালো ট্রাউজার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে বনানী কবরস্থান এলাকায় রেললাইন দিয়ে অসতর্কভাবে হেঁটে যাওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি পেছন থেকে ওই ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা জানান।