রাজধানীর খিলক্ষেতে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। শুক্রবার ভোররাতে খিলক্ষেত থানাধীন তিনশো ফিট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা একই মোটরসাইকেলে তিনজন ছিলেন। নিহতরা হলেন বংশালের নবাব মিয়ার ছেলে মো. সজীব হোসেন (৩৫) ও অজ্ঞাত আরেক পুরুষ যিনি ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ফরিদপুর সদর উপজেলার বয়দানগর গ্রামের মোতাহারের ছেলে দ্বীন মোহাম্মদ (৩৫)। তিনি কেরানীগঞ্জের জিনজিরায় থাকেন।
পুলিশ জানায়, শুক্রবার ভোররাত আনুমানিক পৌনে চারটার দিকে এক মোটরসাইকেলে তিনজন পূর্বাচল থেকে ঢাকা আসার পথে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। তাৎক্ষনিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিবকে সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। আহত আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অজ্ঞাতপরিচয় নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।