পিক আওয়ারে মেট্রোতে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি

অফিস সময়ের পিক আওয়ারে মেট্রোরেলে যাত্রীদের গাদাগাদি ভিড়ের কারণে সেসময়ে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানাচ্ছেন যাত্রীরা। অফিস শুরুর আগে ও অফিস শেষের পর ভোগান্তি কমাতে এর কোনো বিকল্প নেই বলে মনে করেন তারা।

সদা যানজটপূর্ণ ঢাকায় মেট্রোরেল অনেক নগরবাসীর জীবনকে সহজ করেছে। কর্তৃপক্ষের তথ্যমতে, বর্তমানে প্রতিদিন প্রায় ২.৩ লক্ষ থেকে ২.৪ লক্ষ যাত্রী মেট্রো ব্যবহার করছেন। মেট্রোর ছয়টি বগির মধ্যে একটি শুধু নারী যাত্রীদের জন্য বরাদ্দ।

অফিস সময়ের পিক আওয়ারে ১০ মিনিট পর পর ট্রেন চললেও মেট্রোরেলে যাত্রীদের গাদাগাদি ভিড়ের ছবিটা এখন প্রতিদিনের। অফিস ছুটির পর ভিড়টা সবচেয়ে বেশি হচ্ছে মতিঝিল ও কারওয়ান বাজার স্টেশনে। আবার সকালের পিক আওয়ারে সবচেয়ে বেশি ভীর কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনে। 

উপচে পড়া ভিড়ে অনেক সময় ট্রেনে ওঠার সুযোগ হারান অনেক যাত্রী। আবার স্টেশনে বেশী সময় অপেক্ষা করলেই গুনতে হচ্ছে জরিমানা। এই অবস্থায় পিক আওয়ারে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানাচ্ছেন যাত্রীরা।

metro_station

অফিস ছুটির পরপর ঠিক মতিঝিল মেট্রো স্টেশনে পরিস্থিতিটা ঠিক ছবির মতো এমনই। ট্রেনের প্রতিটি কামরায় গাদাগাদি ভীর। কর্মব্যস্ত দিন শেষে এমন ভিড়ে প্রায়ই মেজাজ হারান যাত্রীরা।   

মতিঝিল থেকে গন্তব্যে যেতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকেট কেটে ঠেলাঠেলি করে অবশেষে ট্রেনে ওঠার পালা। প্রতিটি ট্রেনে যখন এমন ঠাঁই নাই অবস্থা তখন বাগবিতণ্ডার ছবি প্রতিদিনের। 

যাত্রীরা বলছেন, অফিস খোলার দিন সকালে এবং বিকেলে ফেরার পথে মেট্রোতে এমন ঠাসাঠাসি ভীর হয়। তাই পরের ট্রেনের অপেক্ষায় থাকেন অনেক যাত্রী। কিন্তু সেই ট্রেনে দেখা যায় ভীর আরও বেশী। 

একই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় আর শাহবাগ স্টেশনেও। কারওয়ান বাজারের ভিড়টা আবার সবচেয়ে বেশী। সেখানে ভিড়ের চোটে মেট্রোর দরজা বন্ধ হবার জায়গাটুকুও থাকেনা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ট্রেনে ওঠার সুযোগ মেলেনা। 

এরপর স্টেশনে অপেক্ষায় ঘণ্টা পেরিয়ে গেলে আবার থাকে জরিমানার ভয়। যদিও অসন্তোষ বা অভিযোগ নেই কারও মুখে। তবে, অফিস সময়ের পিক আওয়ারে রেলের সংখ্যা বাড়ানো গেলে এই ভোগান্তির অবসান হবে বলে বলছেন যাত্রীরা।

২০২২ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় মেট্রোরেল উদ্বোধন করেন। ওই বছর দিয়াবাড়ি-আগারগাঁও রুট চালু হয়। ২০২৩ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় ধাপের উদ্বোধন করেন। 

সদা যানজটের শহর ঢাকায় উত্তরা-মতিঝিল রুট অনেক নগরবাসীর জীবনকে সহজ করে দিয়েছে। মিরপুর-আগারগাঁও-ফার্মগেট-মতিঝিল রুটেও যানজট কমেছে।